গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ঢালাইকৃত পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে এ কারণে ঘটছে দুর্ঘটনা। এছাড়া বেশ কয়েকটি মালবাহী ট্রাক আটকে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে নাটিয়াপাড়া থেকে মির্জাপুর ও কালিয়াকৈর চন্দ্রা পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে গতকাল মঙ্গলবার তীব্র যানজট দেখা দিয়েছে। টাঙ্গাইল থেকে ঢাকা যেতে আড়াই ঘন্টার পথ পাড়ি দিতে ১০-১১ ঘন্টা এবং কোন কোন ক্ষেত্রে আরও বেশি সময় লাগছে। এতে মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রীর চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ রেকার দিয়ে বিকল হওয়া ট্রাক সরানোর উদ্যোগ নিয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট অব্যাহত রয়েছে।
