সন্তানের স্বীকৃতির বিনিময়ে ১০ কোটি টাকা চায় পিতা!

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:২০

টাকা ও ব্যবসা হাতিয়ে নিয়ে নিজের সন্তানকে অস্বীকার করে স্ত্রীর বিরুদ্ধে কুত্সা রটানোর অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। আবার ওই স্বামী তার সন্তানকে পিতার স্বীকৃতি দেওয়ার জন্য স্ত্রী ও তার পরিবারের কাছে ১০ কোটি টাকা দাবি করেছেন। তা না হলে স্বীকৃতির বদলে স্ত্রী ও শিশু সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আফরিনা সুলতানা মুক্তা নামের এক গৃহবধূ। গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তা এই অভিযোগ করেন। তিনি কন্যা সন্তানের স্বীকৃতি এবং তার স্বামী বাংলাদেশ জুয়েলারি সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন খোকনের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

লিখিত বক্তব্যে আফরিনা সুলতানা মুক্তা বলেন, তিনি নারিন্দা এলাকায় থাকেন। পৈতৃক সূত্রে তিনি জুয়েলারি ব্যবসার সঙ্গে জড়িত। চার বছর আগে প্রেমের সম্পর্কের জের ধরে পরিবারের অমতে খোকনকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তার ওপর চলে অমানুষিক নির্যাতন। নির্যাতনে তার পেটের সন্তান নষ্ট হয়ে যায়। এ ঘটনার পর তিনি তাকে তালাক দেন। মীমাংসার দুই মাস পর তারা আবারও বিয়ে করে সংসার শুরু করেন। আবারও তিনি গর্ভবতী হলে তার ওপর চলে নির্যাতন। এক পর্যায়ে তাকে জ্বীনে ধরেছে বলে তার স্বামী প্রচার করে। এ অবস্থায় বাসায় জ্বীন তাড়ানোর কথা বলে ভণ্ড হুজুরকে দিয়ে তার কাছ থেকে ৭৮ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে। এব্যাপারে মামলা করা হলে পুলিশ তদন্তে দেখতে পায়, খোকনের প্রথম স্ত্রীর যোগসাজশে এই চুরির ঘটনা ঘটেছে। গতবছরের ১৪ ফেব্রুয়ারি তার কন্যা সন্তানের জন্ম হয়। এর পর থেকে খোকন তার সন্তানকে অস্বীকার করেন। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে খোকন তার কাছে সন্তানের পিতার স্বীকৃতির জন্য ১০ কোটি টাকা দাবি করেন। এ ঘটনার পর তিনি থানায় জিডি করলে তার ওপর চলে অত্যাচার। এক পর্যায়ে স্বামীর অত্যাচার থেকে রক্ষা পেতে তিনি তার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এব্যাপারে জয়নাল আবেদীন খোকন সাংবাদিকদের বলেন, তার স্ত্রীর করা সব অভিযোগ মিথ্যা। উল্টো তার স্ত্রী তাকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিয়েছেন।