নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সিপাহি বিপ্লব (২১) টেকনাফের দমদমিয়া বিওপিতে দায়িত্বরত ছিলেন। ঘটনাস্থল থেকে আরেক বিজিবির সদস্যকে ধরে নিয়ে গেছে বিজিপি সদস্যরা।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ ইত্তেফাককে জানান, ভোরে মিয়ানমার বর্ডার গার্ডের (বিজিপি) ট্রলার নিয়ে আসা একদল অস্ত্রধারী বাংলাদেশের জলসীমায় দুইটি ফিশিং ট্রলারে তল্লাশি শুরু করে। এতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই অস্ত্রধারীরা। তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সিপাহি বিপ্লব গুলিবিদ্ধ হন। পরে বিজিবিও পাল্টা গুলি চালায়।
গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজারে পাঠান। চিকিত্সক আবদুল মান্নান জানান, সিপাহী বিপ্লবের ডান হাতে ও মাথার ডানপাশে গুলির চিহ্ন রয়েছে।
