এবার পাল্টালো ইয়াবার রঙ

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:২০

মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনাবেচায় কৌশল পরিবর্তন করে প্রতিনিয়ত। সমপ্রতি ইয়াবার রঙ বদলে দিচ্ছে তারা। প্রচলিত লাল কিংবা গোলাপি রঙের ইয়াবার বদলে সাদা ইয়াবা ঢুকছে দেশে। এটি দেখতে সাধারণত ওষুধের মত। চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ব্যবসায়ীরা এই কৌশল অবলম্বন করছে। র্যাবের গোয়েন্দা নজরদারিতে ধরাও পড়ছে কারবারিরা।

গত শনিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া থেকে ৩২ পিস সাদা ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতার ব্যক্তিরা হলো— সেলিম (৩৫) ও অংক্যাল মারমা (২০)। সেলিমের বাড়ি রাঙ্গামাটির চন্দ্রঘোনা থার রায়খালী গ্রামে এবং অংক্যাল মারমার বাড়ি খাগড়াছড়িরর রামগড় থানার সদু কাবারী পাড়ায়। তাদের বর্তমান বসবাস রাজধানীর মুগদার বাশার টাওয়ারে। র্যাব জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা সাদা ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় আনার কথা স্বীকার করে তথ্য দিয়েছে। এরআগে গত ২০ অক্টোবর রামপুরার উলন রোড থেকে ৮০ পিস সাদা ইয়াবাসহ রাজিব মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল র্যাব-৩।