চাঁদাবাজকে খাম্বার সঙ্গে বেঁধে রাখুন: সেলিম ওসমান

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৭:৩৫
 
 
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, যেখানেই চাঁদাবাজি হোক পুলিশ লাগবে না র‌্যাব লাগবে না। আপনারা ধরে তার খাম্বার সাথে বেঁধে রাখবেন। তার ঈদ হবে তার খাম্বার সাথেই। অপরাধীর কোন বাপ থাকতে পারে না, অপরাধীর কোন নেতা থাকতে পারে না, অপরাধীদের কোন দল থাকতে পারে না। যদি অপরাধীকে পুলিশ গ্রেফতার করার পর কোন নেতা বা দল তার কর্মী দাবি করে তাহলে ওই দল বা নেতাই অপরাধী। তারাই সন্ত্রাসী লালন পালন করে।
 
বুধবার দুপুরে রমজান মাসে নারায়ণগঞ্জবাসীকে সার্বিক নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী শ্রেণীর নেতাদের সাথে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভায় সেলিম ওসমান এসব কথা বলেন।
 
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহ-সভাপতি জিএম ফারুক, শ্রমিক নেতা কাউসার আহমেদ প্রমুখ।
 
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, জেলার সাত থানার ওসি সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সভায় পুলিশ সুপার বলেন, গত ৩ তারিখ থেকে অভিযানের নির্ধারিত দিন থাকলেও আগামী ১৫ জুলাই থেকে নারায়ণগঞ্জে নিবন্ধনহীন মটরযান আটক অভিযান শুরু হবে।