গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার রাতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নিম্নাঞ্চল এলাকায় ভোগাই নদীর দুই শ মিটার বাঁধ ভেঙ্গে পৌরসভাসহ ৪ ইউনিয়নের প্রায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া জাম-তলি নামক স্থানেও দেখা দিয়েছে ভাঙ্গন। এখানে বালির বস্তা ফেলে ওই বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে।
এদিকে বাঁধ ভেঙ্গে ঢলের পানি প্রবেশ করায় পানি-বন্দী হয়ে আছে পৌরসভার কিছু এলাকাসহ নালিতাবাড়ির মরিচপুরান ইউনিয়ন এবং নায়াবিল ইউনিয়নের খাল ভাঙ্গা, খড়খড়িয়া কান্দা, চরপাড়া, গোজাকূড়া, মরিচপুরান, শিমূলতলা গ্রামের কয়েক হাজার মানুষ। এ ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রীষ্মকালীন শাকসবজি। রাস্তা-ঘাটসহ আমনের বীজতলা তলিয়ে গেছে। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ।
অপরদিকে ঝিনাইগাতীর মহারশি ও সোমেশ্বরী নদীতে ঢলের পানিতে প্লাবিত উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
