জেলার রামগঞ্জ পৌরসভার রতনপুর গ্রামে এক নারী স্বাস্থ্য পরিদর্শকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গ্রামের সাহার বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে অঞ্জনা রানী সাহার (৫৫) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। অঞ্জনা রানী মৃত মতিলাল শাহার স্ত্রী ও রামগঞ্জ সরকারি হাসপাতালের পরিবার পরিকল্পনার (ফ্যামেলি প্লানিং) পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অঞ্জনা রানীর সাথে ছেলে প্রীতম শাহা এবং তার প্রতিবন্ধী মেয়ে অনিতা রানী সাহার স্বামী সূজন সাহার পারিবারিক কলহ চলছিল। প্রীতম এক মাস আগে সকল সম্পত্তি মায়ের কাছ থেকে নিজের নামে লিখিয়ে নেয়।
বাড়ির পার্শ্ববর্তী লোকজন বলেন, হঠাৎ আমরা টয়লেটে আগুন জ্বলতে দেখি। এ সময় কোন চিৎকার শুনেনি। পরে জানতে পারলাম অঞ্জনা রানী মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, প্রায়ই অঞ্জনা রানী পরিবারের বিভিন্ন সমস্যার কথা তার সাথে শেয়ার করতেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
