দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বিএনপি: হানিফ

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৯:২৬
 
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বিএনপি। এটা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’ বুধবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।
 
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আওয়ামী লীগের সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যগণ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সাথে এই যৌথ সভার আয়োজন করা হয়।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বিএনপি যে জঙ্গিদের মদদ দিচ্ছে, তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা জামায়াতের মুদ্রার ও-পিঠ। কারণ, জামায়াত-শিবির যে প্রক্রিয়ায় সন্ত্রাস ও নাশকতা চালায় বিএনপিও এখন সেই পথেই কার্যক্রম চালাচ্ছে।’
 
হানিফ বলেন, ‘খালেদা জিয়ার ব্যর্থতা এবং ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির মধ্যে থেকে তাকে বাদ দেয়ার আওয়াজ উঠছে। এ কারণে তিনি বিরাগভাজন হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলে আলোচনায় থাকতে চান।’
 
হানিফ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে বিএনপি স্বপ্রণোদিত হয়েই বলেছে যে, তারা ভারত-বিরোধী নয়। মূলত খালেদা জিয়া মোদির সঙ্গে সাক্ষাত্ পাওয়ার জন্যই এ ধরনের কথা বলেছেন। কিন্তু তারা যে আদর্শ লালন করে তার সবগুলোই ভারত-বিরোধী।’
 
বৈঠকে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কুষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।