বিবাহ বিচ্ছেদ উদযাপন

আপডেট : ১৮ জুন ২০১৫, ০০:১৮

বিবাহ বিচ্ছেদে মন খারাপ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক নারী বিবাহ বিচ্ছেদের পর এতোটাই খুশি হয়েছেন যে, রীতিমতো উদযাপন করতে রাস্তায় নেমে পড়েছেন। আনন্দ উদযাপনে সাজিয়েছেন নিজের গাড়িটিকে। জানালা এবং গাড়ির পেছনে রঙিন পেইন্টিং এঁকে লিখে দিয়েছেন ‘জাস্ট ডিভোর্সড’।

 
লিয়োনা মেটকাফ নামের ঐ নারী বলেন, পাঁচ বছর ধরেই ডিভোর্সের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর গত সপ্তাহে আদালত তার বিবাহ বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেছে। তিনি বলেন, এখন আমি একজন স্বাধীন নারী। এটা আরো পাঁচ বছর আগেই হওয়া উচিত ছিলো।
 

বিবাহ বিচ্ছেদ উদযাপনের এমন পরিকল্পনার কারণ জানতে চাইলে তিনি জানান, সবাই বিয়ে করার পর যদি ‘জাস্ট মেরিড’ লিখে গাড়ি সাজাতে পারে তাহলে বিচ্ছেদের পর ‘জাস্ট ডিভোর্সড’ লিখে কেন উদযাপন করা যাবে না। আর এটা করে মানুষের থেকে ভালো সাড়াও পাচ্ছি।-হাফিংটন পোস্ট