‘রিজার্ভ ফোর্স’ নিয়ে চিন্তিত ধোনি

আপডেট : ১৮ জুন ২০১৫, ০১:৫৪

সোজা সাপটা কথা বলার জন্য বদনাম আছে তার। তবে মানুষ যতই ঠোঁটকাটা হোন না কেন, মুখে সবসময় একেবারে পেশাদার চওড়া একটা হাসি ঝুলিয়ে রাখেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল সেই হাসিটা উপহার দিয়েই বললেন, ‘আমি আসলে দু’দিনের চেয়ে বেশি আগের কোনো ঘটনা মনে রাখতে পারি না। আর ওটা তো চার-পাঁচ মাস আগের ঘটনা। শুধু মনে আছে, খেলাটা ক্রিকেট ছিলো।’

 
বুঝতেই পারছেন বাংলাদেশ-ভারত গেল বিশ্বকাপের বহুল আলোচিত সেই কোয়ার্টার ফাইনালের কথা হচ্ছিল!
 
সেনই কোয়ার্টার ফাইনালে খেলাটা যে ক্রিকেট ছিলো, তা আমাদেরও মনে আছে। তবে আরও অনেক খেলা ছিলো। বিতর্ক ছিলো, বিতর্কের জের ধরে আইসিসি, বিসিসিআই, বিসিবি পর্যন্ত কেঁপে উঠেছিলো। শেষমেষ সব ফ্রন্ট অবশ্য শান্ত হয়ে গেছে। এখন বাংলাদেশ-ভারত, দু’দলই বলছে, অতীত অনেক পেছনে ফেলে এসেছে তারা। তারা আজ থেকে নতুন ক্রিকেট খেলতে চায়। আর এই নতুন ব্র্যান্ডের ক্রিকেটে, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ যে একেবারে অন্য এক দল, সেটা টেস্ট অধিনায়ক বিরাট কোহলিই শুরু থেকে বলছিলেন।
 
গতকাল ওয়ানডে অধিনায়ক ধোনিও সেই কথার পুনরাবৃত্তি করলেন। ধোনির মতে- বাংলাদেশের সেরা শক্তি হলো, খেলোয়াড়দের বিশাল লাইন। তারা একাদশ বেছে নেয়ার জন্য যে বিশাল ‘রিজার্ভ ফোর্স’ ব্যবহার করার সুবিধা পায়, সেটাকেই বড় শক্তি বলে মানছেন ভারতীয় অধিনায়ক।
 
 টেস্টে প্রায় আত্মসমর্পণ করা বাংলাদেশকে যে আজ থেকে মাঠে পাওয়া যাবে না, সেটা ধোনি পরিষ্কার জানেন, ‘তারা খুবই শক্তিশালী ওয়ানডে দল। আপনারা লক্ষ্য করবেন, তারা অনেকদিন ধরে একসাথে ওয়ানডে খেলছে। টি-টোয়েন্টিতেও তারা ভালো করছে। ওদের ওয়ানডেতে এমন একটা দল হয়েছে যে, ওরা এখন যে কোনো সময় হিসেবী ঝুঁকি নিতে পারে। এটা ওয়ানডে ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ এখন ওয়ানডের বেশ শক্তিশালী দল। টেস্টে খারাপ, তা বলছি না। টেস্ট আসলে ৫ দিনের খেলা। সময়ের সঙ্গে সঙ্গে তারা সেখানেও উন্নতি করছে। কিন্তু ওয়ানডেতে তারা ইতিমধ্যে সমীহ করার মতো দল।’
 

বাংলাদেশকে কেন সমীহ করতে হবে, সেটাও ব্যাখ্যা করে বললেন ধোনি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা সরাসরি দেখেননি। তবে ভিডিওতে পেয়ে ধারণা পেয়েছেন, এই দলের হয়ে নতুন যারা মাঠে নামছে, তারাই ভালো করছে, ‘আমি ভিডিও দেখেছি। সবকিছু নিয়ে মন্তব্য করতে পারবো না। তবে এটুকু বলতে পারি, ওদের নতুন যারা আসছে, তারাই ভালো করছে। দল বেছে নেয়ার জন্য তারা লম্বা একটা পুল পাচ্ছে। এটাই এখন বাংলাদেশকে বিপজ্জনক দল করে তুলেছে।’