সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে ‘চোরের’ হাতে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত সাদ্দাম হোসেন কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের তানিয়া গ্রামের মৃত ইউসুফ মাঝির ছেলে। আহতরা হলেন- পিরোজপুর গ্রামের আব্দুর বারী সরদারের ছেলে আশরাফ হোসেন (১৫), একই গ্রামের জামাত আলী গাজীর পুত্র বাবরু গাজী (৩০) ও আব্দুর বারী সরদারের স্ত্রী মোমেনা বেগম।
কালিগঞ্জ থানার ওসি সুভাষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ৪/৫ জনকে মাছ চুরি করতে দেখে চিত্কার শুরু করেন সাদ্দাম হোসেন। এ সময় চোর দলের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ সময় অন্যান্যরা তাকে উদ্ধার করতে আসলে তাদের ওপর হামলা চালায় চোরেরা।
সুভাষ বিশ্বাস আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বাই সাইকেল ও মাছ ধরার জাল উদ্ধার করেছে পুলিশ।
