নওগাঁয় ট্রাক চাপায় একজনের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৪:২৯
নওগাঁ সদরের বরুনকান্দি বাইপাস এলাকায় ট্রাকের চাপায় আহত হারুন  উর রশীদ (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি নওগাঁ শহরের আনন্দনগর মহল্লার তোফাজ্জল হোসেনের (তোফা) ছেলে। 
 
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারুন বরুনকান্দি বাইপাস এলাকায় ট্রাকের টোল আদায়ের কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই এলাকায় একটি ট্রাকের টোল আদায় করতে গেলে চালক ট্রাক না থামিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে হারুন ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। 
 
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, আহত অবস্থায় হারুন উর রশীদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে হারুনের মৃত্যু হয়।