চট্টগ্রামে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৫:০৯
 
চট্টগ্রামে ট্রাকচাপায় সত্যপ্রিয় দাশ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সত্যপ্রিয়ের বাড়ি কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটায়।
 
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, সকালে বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক সত্যপ্রিয়কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এই ঘটনায় বেলা ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রবর্ত্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনের রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভের কারণে ঐ রাস্তায় প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।