রামপালে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৭:৫১



বাগেরহাটের রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে।
 
নিহত ব্যক্তির নাম ধীরেন্দ্রনাথ কুন্ডু (৭০)। তিনি রামপাল উপজেলার ধলদাহ গ্রামের শ্যামাচরন কুন্ডুর ছেলে।
 
বৃহস্পতিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধীরেন্ত্রনাথের মৃত্যু হয়। বুধবার বিকেলে বড়ভাইয়ের ছেলের আঘাতে গুরুতর আহত হন তিনি।
 
রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে জমি নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইয়ের ছেলে সঞ্জয় কুন্ডু ওরফে সোনা কুন্ডু চাচা ধীরেন্দ্রনাথ কুন্ডুকে মারধর করেন। গুরুতর আহত ধীরেন্দ্রকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থান অবনতি ঘটলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ধীরেন্দ্র মারা যান।
 
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।