১০ ডলারের নোটে সংযুক্ত হচ্ছে এক নারীর ছবি

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৮:০২
 
 
 
নতুন ১০ ডলারের নোটে একজন নারীর ছবি থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। তবে কার ছবি থাকবে তা এখনো জানায়নি তারা।
 
যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৯তম সংশোধনীর শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০২০ সালে নোটটি বাজারে ছাড়া হবে। ১৯তম সংশোধনীতে যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার দেয়া হয়েছিল। ১০ ডলারের নোটে কোন নারীর ছবি ছাপানো হবে, সে ব্যাপারে জনগণের মতামত নেয়া হবে।
 
যুক্তরাষ্ট্রের নোটগুলোতে সাবেক রাজনীতিবিদদের ছবি রয়েছে। আমেরিকান বিপ্লবের অন্যতম নেতা ও ট্রেজারি ডিপার্টমেন্টের সাবেক প্রধান আলেকজান্ডার হ্যামিলটনের ছবি সরিয়ে একজন নারীর ছবি সংযুক্ত করা হবে ১০ ডলারের নোটে।
 
২০ ডলারের নোটে সাবেক প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসনের জায়গায় কোন নারীর ছবি দেয়া যায়, এমন মতামত চেয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাতে সাবেক ফার্স্টলেডি ইলিয়ানর রুজভেল্ট, নাগরিক অধিকার কর্মী রোসা পার্কস ও উইলমা ম্যানকিলারকে ছাড়িয়ে একনম্বরে চলে আসেন দাস প্রথা-বিরোধী হ্যারিয়েট টাবম্যানের নাম।
 
১০ ডলারের নোটে কার ছবি থাকবে তা চূড়ান্ত করা হবে এ বছরের শেষ নাগাদ।