খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৪২২ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকা এবং সরকারি অনুদান ও বৈদেশিক সাহায্যপুষ্ট উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৯৫ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ২০১৪-১৫ অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষণা করা হয়। এ বছর প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছিল ৪৮৫ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা। সংশোধিত আকারে দাঁড়িয়েছে ২৭৪ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা; যা অর্জিত হয়েছে ৫৬.৫৩ শতাংশ।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কেসিসি’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম। অনুষ্ঠানে কেসিসি’র কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
