বিএনপিতে ভাঙনের সুর বাজছে: হাছান মাহমুদ

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৯:৪৩
 
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিতে ভাঙনের সুর বাজছে। মামলা থেকে বাঁচতে বিএনপির নেতারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।’
 
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের দ্রুত শাস্তি দেয়ার দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানবন্ধনে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে জঙ্গিবাদের নেতৃত্ব দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি তত্পরতার সঙ্গে জড়িত। আইএস, বোকো হারাম ও আল-কায়েদার মতো জঙ্গিগোষ্ঠীর দোসর হচ্ছেন খালেদো জিয়া।  একই সঙ্গে তিনি যুদ্ধাপরাধীদের এখনো মদদ দিচ্ছেন। তাই বিএনপিকে রক্ষা করতে হলে খালেদা জিয়াকে সরিয়ে দিতে হবে।’
 
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও জামায়াতের সর্ম্পক যত বেশি ঘনিষ্ঠ হবে, জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা ততই কমে যাবে। এ ছাড়া, জামায়াত-নির্ভর রাজনীতির পথ থেকে সরে না আসলে বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজের নেতৃত্বও হারাবেন।’
 

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, শাজাহান আলম সাজু প্রমুখ।