কসোভোর সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করল স্লোভেনিয়া

আপডেট : ১৮ জুন ২০১৫, ২১:২৭
 
৯০-এর দশকে সার্বিয়ায় যুদ্ধাপরাধের অভিযোগে কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামুস হারাদিনাজকে গ্রেফতার করেছে স্লোভেনিয়া। রাজধানীর লিউবিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার তাকে গ্রেফতার করে স্লোভেনিয়ার পুলিশ। জার্মানি যাওয়ার পথে স্লোভেনিয়ায় যাত্রাবিরতি করেছিল তাকে বহনকারী বিমানটি।
 
গ্রেফতারের পর হারাদিনাজ বলেছেন, ‘স্লোভেনিয়ার এমন আচরণ অগ্রহণযোগ্য এবং আমার ও কসোভোর জন্য এটা চরম অবমাননাকর।’ 
 
যুদ্ধাপরাধের বিচার সংশ্লিষ্ট জাতিসংঘের এক আদালতে শুনানির জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রির পদ থেকে পদত্যাগ করেন রামুস হারাদিনাজ। যুদ্ধে সার্ব ও এর মিত্রদের ওপর নির্যাতন-নিপীড়ন ও অন্তত ৬০ জনকে হত্যার হুকুম দেয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 
 
শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন কসোভোর সাবেক এই প্রধানমন্ত্রী। 
 
১৯৯৮-৯৯ সালের যুদ্ধে বিদ্রোহী কমান্ডার হিসেবে তার ভূমিকার জন্য হারাদিনাজ ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। স্লোভেনিয়ার পুলিশ বলেছে, ২০০৬ সালের ইন্টারপোল সেই ওয়ারেন্ট মোতাবেক হারাদিনাজকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: বিবিসি