যান্ত্রিক ত্রুটিতে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া বন্ধ

আপডেট : ১৯ জুন ২০১৫, ০২:০০

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। দূতাবাসের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ জুনের পর অনুমোদনকৃত বেশিরভাগ অভিবাসী ও অ-অভিবাসী ভিসা আমরা প্রিন্ট করতে পারছি না। একইসঙ্গে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট ৯ জুন ও এর পরে জমা দেয়া নতুন আবেদনগুলোর প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। এ কারণে ১৭ ও ১৮ জুন নির্ধারিত সকল অ-অভিবাসী আবেদনকারীদের ভিসার জন্য সাক্ষাত্কার বাতিল করে ২৪ জুন নির্ধারণ করা হয়েছে।

 

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদনকারীদের ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। এ সমস্যার জন্য মার্কিন পররাষ্ট্র দফতরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে, এ ঘটনা কোনো বিশেষ ধরনের ভিসা বা নির্দিষ্ট দেশের ক্ষেত্রে হয়নি। এ অসুবিধার জন্য আমরা দুঃখিত। সমস্যাটি দ্রুত সমাধান করে সব প্রক্রিয়া সচল করতে আমরা কাজ করছি। এ বিষয়ে আরো সহায়তার জন্য আবেদনকারীরা দূতাবাসের কল-সেন্টারে কল করতে পারেন। রবিবার থেকে বৃহসপতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল-সেন্টার খোলা থাকবে। সেখানে যে কেউ বাংলা বা ইংরেজিতে দূতাবাস প্রতিনিধির কাছে সহায়তা চাইতে পারেন। এজন্য ফোন করতে হবে +৮৮-০৯৬১০২০২০৪০ নম্বরে। এছাড়া ইমেইল করা যাবে:[email protected] এ।