নাইজারে বোকো হারামের হামলায় নিহত ৩৮

আপডেট : ১৯ জুন ২০১৫, ১১:৫৫
 
নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার রাতভর চালানো এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
 
স্বরাষ্ট্রমন্ত্রী হাসৌমি মাসসাউদো বৃহস্পতিবার বলেছেন, বোকা হারামের জঙ্গিরা লামানা ও এনগাউমো গ্রামে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ৩৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৪ জন নারী ও ১০ শিশু রয়েছে।
 
তিনি বলেছেন, তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা চালানোর সময় জঙ্গিরা শতাধিক বাড়ি-ঘরে আগুন দিয়েছে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিছু বেসামরিক ব্যক্তিদের আগুনে পুড়িয়ে মারা হয়েছে। বাকিদের গুলি করে হত্যা করা হয়েছে।
 
গত এপ্রিলে লেক চাদে অভিযানে ৭৪ জন নিহত হওয়ার পর বুধবার নাইজারে এই হামলা চালানো হলো। সূত্র: এএফপি।