পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন জামায়াত-উল-মুজাহিদীনের এক সদস্যকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া নুরুল হক ওরফে নাঈম (২৬) দলের একজন প্রশিক্ষক ও প্ররোচক হিসেবে কাজ করেন। শুক্রবার ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাওড়া রেলস্টেশনের কাছ থেকে নাঈমকে গ্রেফতার করা হয়েছে।
এনআইএ’র ভাষ্যে, নাঈম বর্ধমান বিস্ফোরণের মূল সহ-ষড়যন্ত্রকারী। বিস্ফোরণের পর থেকে তিনি পলাতক ছিলেন।
সংস্থাটি বলেছে, জেএমবির গ্রেফতার হওয়া সদস্যরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নাঈম জঙ্গি সংগঠনটির একজন সক্রিয় সদস্য। সে বীরভূম জেলায় জঙ্গি সংগঠনের হয়ে কাজ করতেন। একই ঘটনায় গ্রেফতার হওয়া দালিম শেখ ও পলাতক বাংলাদেশি তালহা শেখের ঘনিষ্ট সহযোগী নাঈম।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জেএমবির হয়ে অর্থ সংগ্রহের দায়িত্ব ছিল তার ওপর। একইসঙ্গে মোকিমনগর ও শিমুলিয়া মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণও দিতেন নুরুল।
২০১৪ সালের ২ অক্টোবরে পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে এএনআই। সূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস।
