ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

আপডেট : ১৯ জুন ২০১৫, ১৪:২০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রমজান উপলক্ষে ঘরমুখি মানুষের ভিড় ও মহাসড়কে বৃষ্টির কারণে বড় গর্তের সৃষ্টি হওয়ায় এই যানজট হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
বৃহস্পতিবার রাতে এ যানজট শুরু হয়। শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট লেগে থাকতে দেখা যায়।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার রমজান উপলক্ষে মানুষ ঘরমুখি মানুষের ভিড় ছিল। এ কারণে বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তাছাড়া মির্জাপুরের ধেরুয়া রেল ক্রসিং এলাকায় বৃষ্টির কারণে বড় আকারের গর্তের সৃষ্টি হওয়ায় ওই স্থান দিয়ে চলাচলকারী যানবাহনের গতি কমে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। যানজট মুক্ত করতে চেষ্টা চলছে।