ইরাকের আনবার প্রদেশের রামাদিতে বৃহস্পতিবার সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইএস (ইসলামিক স্টেট)। খবর রয়টার্সের।
এক টুইট বার্তার মাধ্যমে আইএস বিমান বিধ্বস্তের তথ্য জানিয়েছে। বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
আইএস বিরোধী সংগঠন সাওয়ার এক সদস্য জানিয়েছেন, রামাদির উত্তরে রাশিয়ায় নির্মিত ইরাকী সামরিক বাহিনীতে ব্যবহৃত সু-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হতে দেখা গেছে। বিমানটি গুলিতে বিধ্বস্ত হয়।
আইএস বলেছে, বিমানটি রামাদিতে অভিযান চালাচ্ছিল। এ অবস্থায় আইএস সদস্যদের ছোড়া গুলিতে তা বিধ্বস্ত হয়। গত মাসে রামাদির দখল নেয় সংগঠনটি।
এদিকে আনবার প্রদেশের আমিরিয়াত আল-ফালুজা শহরে বৃহস্পতিবার একটি সেনা ব্যারাকে আইএস সদস্যদের ছোড়া মর্টারের আঘাতে এক সেনা সদস্য ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
একই দিন আল-মাজরা গ্রামে আইএস সদস্যদের ছোড়া মর্টারের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে।
আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ও ইরানের সমর্থনপুষ্ট শিয়া যোদ্ধাদের ওপর নির্ভর করে ইরাক সরকার।
