থাইল্যান্ডেও মার্স ভাইরাস

আপডেট : ১৯ জুন ২০১৫, ১৮:৩১
 
কোরিয়ায় মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জন মারা যাওয়ার পর  থাইল্যান্ডেও এক ব্যক্তির দেহে মার্স ভাইরাস পাওয়া গেছে। দু’টি ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী রজতা রাজাতানাভিন মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। খবর-আল জাজিরার।
 
থাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওমান থেকে আসা ৭৫ বছর বয়সী এক ব্যক্তির দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়। হৃদপিণ্ডের সমস্যা নিয়ে হাসপাতালে আসার পর ব্যক্তিটির দেহে এই ভাইরাস পাওয়া যায়।
 
পরিবারের অন্য তিন সদস্যসহ ওই ব্যক্তি থাইল্যান্ডে এসেছেন। মধ্যপ্রাচ্য থেকে অনেক লোক থাইল্যান্ডে চিকিৎসা করাতে আসেন।
 
ওই রোগীসহ বাহির থেকে আসা সব রোগীকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
 
মধ্যপ্রাচ্যে উৎপত্তি হওয়া মার্স ভাইরাসটি ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশটিতে ভাইরাসটির সংক্রমণে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি লোককে।