জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো দায়ী: পোপ

আপডেট : ১৯ জুন ২০১৫, ১৮:৪৮
 
জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলোকে দায়ী করে পোপ ফ্রান্সিস বলেছেন, 'ধনী দেশগুলোই এই সমস্যা সৃষ্টি করেছে এবং এর সমাধানের প্রধান দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে।'
 
জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ববাসীর প্রতি এক খোলা চিঠিতে বৃহস্পতিবার পোপ একথা বলেন।
 
পৃথিবীর সব মানুষের প্রতি লেখা এ চিঠিতে তিনি সমস্যার জন্য মানুষের লোভ এবং নতুন প্রযুক্তি ও প্রগতির প্রতি আত্মঘাতী মোহকে দায়ী করেন।
 
পোপ বলেন, ‘বিধাতা ধরিত্রীকে যে ধন-সম্পদ দান করেছেন, সে সবের দায়িত্বহীন ব্যবহার ও অপব্যবহারের মাধ্যমে আমরা তার ওপর যে ক্ষতি ডেকে এনেছি তার কারণে আমাদের মাতা ধরণী এখন আর্তনাদ করছে।’
 
তিনি বলেন, ‘বর্তমান ধারা অব্যাহত থাকলে এই শতাব্দীতেই অস্বাভাবিক জলবায়ু পরিবর্তন এবং প্রতিবেশের নজির-বিহীন ধ্বংস প্রত্যক্ষ করতে হতে পারে, যার পরিণতি আমাদের সকলের জন্যই হবে মারাত্মক।'