গ্রিসের ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নিয়েছেন গ্রাহকরা

আপডেট : ১৯ জুন ২০১৫, ২০:১৯
 
গ্রিসের ঋণ সংকট নিয়ে চলমান অচলাবস্থার মধ্যেই দেশটির ব্যাংকগুলোর অবস্থা নিয়ে আশঙ্কা ঘনীভূত হচ্ছে। দেশটির ব্যাংকগুলো থেকে গ্রাহকরা গত এক সপ্তাহে কয়েক বিলিয়ন ইউরো তুলে নিয়েছে এমন আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন রিপোর্টে। খবর- বিবিসির।
 
রিপোর্টে দেখা যাচ্ছে ব্যাংকগুলো থেকে তুলে নেয়া এই অর্থের পরিমাণ তিন বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। অর্থনৈতিক মন্দা মোকাবেলা করতে আইএমএফ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশটি নেয়া ঋণ পরিশোধের সময়সীমা এগিয়ে আসার প্রাক্কালে গ্রাহকদের অর্থ তুলে নেয়ার এই খবর পাওয়া গেল।
 
এর ফলে গুরুতর তারল্য সংকটে পড়তে পারে গ্রিসের ব্যাংকগুলো।
 
চলতি মাসের মধ্যেই আইএমএফ থেকে নেয়া ১.৬ বিলিয়ন ইউরো ফেরত দিতে হবে গ্রিসকে৷ আর পরবর্তী দুই মাসে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ৬.৭ বিলিয়ন ইউরো।
 
এ লক্ষ্যে 'বেইল আউট' প্যাকেজের শেষ কিস্তি (৭.২ বিলিয়ন ইউরো) পেতে দাতাদের সাথে আলোচনা চালাচ্ছিল গ্রিস৷ কিন্তু দাতাদের দেয়া সংস্কার প্রস্তাবে গ্রিস সম্মত না হওয়ায় আলোচনাটি ঝুলে যায়।
 
গ্রিসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইইউ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ-এর বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে। দাতারা চাইছিল, গ্রিসের পেনশন ব্যবস্থায় সংস্কার আনতে, অর্থাৎ পেনশনের অর্থ কমাতে। কিন্তু গ্রিস তাতে রাজি নয়।
 
গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস সাফ জানিয়ে দিয়েছেন সেই কথা। উলটো তিনি ইইউ নেতাদের সতর্ক করে বলেছেন, 'ইউরোপ যদি পেনশন কমানোর প্রস্তাব থেকে সরে না আসে তাহলে যে ঘটনা ঘটবে তাতে ইউরোপের কেউই লাভবান হবে না।'