ভারতের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা যাচাই করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি। খবর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট প্রহ্লাদ মোদি বলেন, ‘দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমারের মতো স্মৃতির শিক্ষাগত যোগ্যতাও যাচাই করে দেখা উচিত।’
প্রহ্লাদ সাংবাদিকদের বলেন, ‘যেভাবে তোমারের ডিগ্রি খতিয়ে দেখা হচ্ছে, একইভাবে স্মৃতি ইরানির ডিগ্রির ক্ষেত্রেও করা উচিত। ললিত মোদি বিতর্কে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার যোগাযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের অস্বস্তির মধ্যে আরো কিছুটা বিতর্ক উসকে দিলেন প্রধানমন্ত্রী মোদির ভাই।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়—দীর্ঘদিন ধরেই আম আদমি পার্টি ও কংগ্রেস স্মৃতি ইরানির ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলে আসছে। এবার প্রধানমন্ত্রীর ভাই স্বতঃপ্রণোদিত হয়ে এমন মন্তব্য করায় বিতর্ক ফের একবার মাথাচাড়া দিয়ে উঠল বলেই মনে করা হচ্ছে।
অন্য দিকে, সুষমা স্বরাজের ললিত মোদিকে ট্রাভেল ভিসা পেতে সাহায্য করা প্রসঙ্গে অবশ্য কেন্দ্রীয় সরকারের পাশেই দাঁড়িয়েছেন মোদির ছোট ভাই। মানবিকতার খাতিরেই ললিতকে সাহায্য করা হয়েছে। এই নিয়ে এত প্রচার না করাই উচিত বলে মনে করেন তিনি।
এ ছাড়া, কালো টাকা উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলেও প্রহ্লাদের অভিমত।
