প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের অধীনে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নয়া দিল্লি ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী এবং প্রধানমন্ত্রী চীনের সঙ্গে একটি চমত্কার সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে।’ খবর এনডিটিভির।
জেটলি বলেন, ‘প্রধানমন্ত্রী বিশেষভাবে চীনা নেতৃত্বের সঙ্গেও সম্পর্কের একটি অসাধারণ উন্নতি করেছেন। তাদের সঙ্গে আমাদের একটি সীমান্ত ইস্যু রয়েছে এবং সীমান্ত ইস্যুটি সমাধান হয়নি। চীনের সঙ্গে সম্পর্কিত আরো কিছু ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো আমাদের উদ্বেগের। কিন্তু নিদেন পক্ষে সীমানার আশেপাশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে না।’
‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি চীনে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন’ উল্লেখ করে ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে অর্থনৈতিক বাণিজ্য সম্পর্ক মোটের ওপর স্বাভাবিক হয়েছে।’
পাকিস্তান সম্পর্কে জেটলি জানান—ভারত দেশটির সঙ্গে সম্পর্কের উন্নয়নে আগ্রহী। ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় অর্থমন্ত্রী বলেন, ‘ইন্দো-পাক সম্পর্কের উন্নতির জন্য একটি পরিবেশ তৈরি ও দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিকীকরণে পাকিস্তানের ওপর দায়ভার বেশি এবং এটি নির্ভর করছে ওই দেশটি থেকে কোন ধরনের প্ররোচনা আসছে তার ওপর।’
