১৭১টি দেশে প্রচারিত হবে 'হি নেমড মি মালালা'

আপডেট : ১৯ জুন ২০১৫, ২১:৫৪
 
শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি 'হি নেমড মি মালালা' বিশ্বের ১৭১ টি দেশে প্রচার করবে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। অস্কারজয়ী ডেভিস গাগেনহেইম নির্মিত ডকুমেন্টারিটি ৪৫টি ভাষায় প্রচার করবে আমেরিকার এই চ্যানেল।
 
মালালার ওপর নির্মিত এই তথ্যচিত্রটি মুক্তি দিতে চ্যানেলটি ফক্স সার্চলাইট পিকচার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আগামী অক্টোবরে থিয়েটারে মুক্তি দেয়া হলেও টিভিতে তা দেখতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। ২০১৬ সালে ১৭১ টি দেশে ৪৫টি ভাষায় ডকুমেন্টারিটি প্রচার করবে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল।
 
স্কুল থেকে বাসে করে ফেরার পথে পাকিস্তানের সোয়াত উপত্যকার মিঙ্গোরায় তালেবান জঙ্গিরা শিক্ষা অধিকার কর্মী মালালাকে মাথায় গুলি করে। মালালার কাজের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি ২০১৪ সালে ভারতের কৈলাস সত্যার্থীর সাথে তাকে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করে। সূত্র: আইএএনএস