বিশ্বকাপ, পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর এবার ভারতকে ৭৯ রানে হারানো। ভারতীয় গণমাধ্যম স্বীকার করে নিলো বাংলাদেশের বৃহস্পতিবারের জয়টিতে মোটেই অঘটন বলে চালিয়ে দেয়ার উপায় নেই। বরং কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে বাংলাদেশ ওয়ানডেতে যে কোন দলের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এমন প্রতিবেদনেই ছিল অধিকাংশ ভারতীয় গণমাধ্যমে।
উচ্ছ্বসিত প্রশংসা ঝরেছে অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দেয়া পেসার মুস্তাফিজুর রহমানের প্রতিও। দু’দলের পেসাররাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তারা।
‘আসলে এটাই এখন বাংলাদেশ। যারা আর ক্রিকেটীয় হীনমন্যতায় না ভুগে নিয়মিত তুলে আনছে প্রতিভার পর প্রতিভা। কেউ বিকেএসপি থেকে উঠে আসছেন। যাকে বাংলাদেশ ক্রিকেটের আতুঁড়ঘর বলা হয়। কেউ বা আসছেন স্কুল ক্রিকেট থেকে। নামগুলো কখনও সৌম্য সরকার। কখনও তাসকিন আহমেদ। আজকের পর বাংলাদেশের পক্ষে সিরিজটা ১-০ হয়ে গেল। অঘটন বললে যে গৌরবকে অপমান করা হবে।’ কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার খেলার পাতায় তাদের মূল খবরে লিখেছে এই লাইনগুলো।
ভারতের বিরুদ্ধে এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ। কিন্তু আগের তিন জয়কে যদি অঘটন বলে উড়িয়ে দেয়াও যায়, এবার আর সেই সুযোগ রাখেনি বাংলাদেশ দল। বিশ্বকাপে দুর্দান্ত খেলেও ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত এক ম্যাচ হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে। এরপর পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করা।
খেলার পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, এই ম্যাচকে মোটেই প্রতিশোধের উপলক্ষ হিসাবে দেখেননি তারা। খেলাধুলার সঙ্গে প্রতিশোধের বিষয়টা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
তবে মাশরাফি যতই বলুন, দুই দেশের গণমাধ্যমই কিন্তু বাংলাদেশের জয়কে মধুর এক প্রতিশোধ বলেই উল্লেখ করেছে। পাশাপাশি বাংলাদেশকে যদি কেউ গুরুত্ব না দেয়, তাহলে সে দলকে নিশ্চিতভাবে পস্তাতে হবে বলেও মন্তব্য করে টাইমস অফ ইন্ডিয়ার মতো বিখ্যাত দৈনিক।
অতীতের যে কোন সময়ের চেয়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে জানিয়ে আনন্দবাজার লেখে, ‘ভারতের বিরুদ্ধে প্রথম তিনশো, প্রথম উইকেটে প্রথম বারের জন্য একশো রানের পার্টনারশিপ করে দেওয়া, কোনটা বাকি থাকল। ভারত শেষ পর্যন্ত সিরিজ জিতবে কি না সময় বলবে। কিন্তু এমএসডি (ধোনি) একটা ব্যাপার বুঝে মাঠ ছাড়লেন। এটা আর অতীতের বাংলা নয়। অন্য বাংলা। নতুন বাংলা। শের ই বাংলা!’
ম্যাচ জয়ের প্রায় একক কৃতিত্ব দেয়া হয় মুস্তাফিজকে। এই বাঁহাতি পেসারের অসাধারণ সব কাটার আর ইনসুইঙ্গারের কোন জবাব ভারতীয় ব্যাটসম্যানের কাছে ছিল না বলে মন্তব্য করেন টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদক। ম্যাচ শেষে ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনিও অবশ্য বলেছিলেন, মুস্তাফিজের পেসের পরিবর্তন আর সুইংয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল তার দল।
এদিকে, দেশটির আরেক প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু লেখে, ম্যাচে ভারতীয় দলের বাজে পারফরম্যান্স উত্তেজিত করে তুলেছিল ধোনিকে। একারণেই নিজের স্বভাবসুলভ ধীর-স্থির মানসিকতা ভুলে নিয়ে বাজে ভাবে ধাক্কা দেন মুস্তাফিজুরকে। এই ধাক্কায় ধোনি আইসিসির শাস্তি যতটুকু পেয়েছেন তার চেয়ে বেশী শাস্তি পেয়েছেন ভক্তদের মন থেকে স্থান হারিয়ে বলেও মন্তব্য করে পত্রিকাটি।
ভারতের অনলাইন সংবাদমাধ্যম ২৪ ঘণ্টা লিখেছে, মিরপুরে এগারো বাঙালির দাপটে বাংলাদেশ সফরে প্রথম একদিনের ম্যাচে শোচনীয় পরাজয় হল টিম ইন্ডিয়ার। ৭৯ রানে হেরে তিনটি একদিনের ম্যাচের সফর শুরু করল ধোনি বাহিনী।
আর ‘বাঙালি বাঘের থাবার ক্ষতবিক্ষত ভারত’ এমন শিরোনামে সংবাদ করেছে অপর আরেকটি অনলাইন এই সময়। আর তাতে লেখা রয়েছে, চমক দেখাতে ভালোবাসেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। এবার ধোনিকেই চমকে দিলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজ।
টাইগারদের প্রশংসায় আইবিএন লাইভের শুরুটা এমন, ‘প্রতিশোধ হল পরিবেশিত শীতল পানীয়।’ বৃহস্পতিবার রাতে শেরে-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট বিশ্ব তাই দেখল। এ সময় সদ্য বাংলাদেশ সফর করা পাকিস্তানীদের হোয়াইটওয়াশের (৩-০) কথাও স্মরণ করিয়ে দেয় আইবিএন লাইভ।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয়দের ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ। এমনটাই লিখেছে এনডিটিভি।
