যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা রাজ্যে দেড়শ বছরের পুরানো কৃষ্ণাঙ্গদের গির্জায় এক শ্বেতাঙ্গ তরুণের হামলায় দেশজুড়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এদিকে এই হামলার কঠোর নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সময় এসেছে অস্ত্র নিয়ন্ত্রণের। বৃহস্পতিবার তিনি বলেন,আমরা কেন অন্য কোনো উন্নত দেশেও এধরনের হামলার ঘটনা ঘটতে পারে না। ওবামা বিবৃতিতে অস্ত্র নিয়ন্ত্রণের কথা বললেও টুইটার বার্তায় বিভিন্ন রিপাবলিকান দলের নেতারা এর বিরোধিতা করেছেন। বুধবারের ওই হামলায় ৯ জন নিহত হয়।—খবর বিবিসি’র।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থনা চলার সময় চার্লস্টনের বিভিন্ন গির্জা লোকজনে উপচে পড়ে। এমানুয়েল এএমই চার্চের বাইরে তীব্র গরমের মধ্যে দাঁড়িয়ে শত শত লোক নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও প্রার্থনা করা হয়। ‘কৃষ্ণাঙ্গদের হত্যা বন্ধ কর’ লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বিক্ষোভের সময় প্রদর্শন করা হয়। চার্লস্টনে ইমানুয়েল এএমই চার্চের বাইরে যাজকরা একত্রে প্রার্থনা করেন। সাউথ ক্যারোলিনার গভর্নর নিক্কি হ্যালি জানিয়েছেন, আদালতে দোষী প্রমাণিত হলে ডিলান রুফের মৃত্যুদণ্ড হবে। তিনি এনবিসি টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, আমরা ডিলানের মৃত্যুদণ্ড চাই। গতকাল শুক্রবার ডিলানকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিলান রুফকে (২১) গ্রেফতার করা হয়। হামলার স্থান থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে উত্তর ক্যারোলাইনার শেলবি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সে গাড়ি চালাচ্ছিল। হামলায় যাজকসহ ছয়জন নারী ও তিনজন পুরুষ নিহত হন। ঘৃণিত এ অপরাধের ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই হামলায় নিহত সারোন্দা সিংগেলটনের ছেলে ক্রিস বলেন, আমরা আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী ডিলানকে ক্ষমা করে দিয়েছি। আমরা চাই তার বিচার কার্যক্রম ইতিবাচকভবে এগিয়ে যাক। কারণ ঘৃণার চেয়ে ভালবাসাই শ্রেয়।
