রমজানের প্রথম দিনেই ভয়াবহ যানজটে নাকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এই মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ এবং মহাসড়কে যানবাহনের চাপ তিন থেকে চারগুণ বেড়ে যাওয়ার ফলে বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কের মির্জাপুর উপজেলায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গতকাল শুক্রবার মহাসড়কের বিভিন্ন এলাকায় গিয়ে তীব্র যানজটের এই চিত্র দেখা গেছে। মির্জাপুর থানা পুলিশ ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলে, গত কয়েক দিনে টানা বৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন অংশে পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া গত বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকাল নাগাদ পাকুল্যা, ইচাইল, দেওহাটা, সোহাগপাড়া ও কালিয়াকৈর চন্দ্রা এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা হওয়ায় যানজট বেড়েছে। একদিকে পর পর সড়ক দুর্ঘটনা অপরদিকে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যানজট স্থায়ী রূপ নিয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। পুলিশ সূত্র এবং সড়ক ও জনপথ সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানবাহন চলাচলের ব্যস্ততম পথ।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপক বেড়ে যাওয়ায় যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
