লালমনিরহাটের কাকিনা রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কায় লাফিয়ে নামতে গিয়ে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। তবে তেমন দুঘর্টনা ঘটে নি। চালকদের দক্ষতায় তা এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে । এরপর প্রায় এক ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী আপ ৬৫ কমিউটার ট্রেনটি কাকিনা রেলওয়ে স্টেশনে ঢুকে পড়ে । একই সময়ে বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা লালমনিরহাট হয়ে দিনাজপুরের পার্বতীপুরগামী ৪৫৬ ডাউন ট্রেনটিও কাকিনা রেলওয়ে ঢুকে। এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের উপক্রম হলে চালকদের দক্ষতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এসময় ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এরপর বিক্ষুব্ধ জনতা কাকিনা রেলওয়ে স্টেশন ভাঙচুর করে। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই ) সাজ্জাদ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
কর্তব্যে অবহেলার কারণে কাকিনা স্টেশন মাস্টার আছিউদ্দিন ও পয়েন্টসম্যান নাজির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন যোগযোগ স্বাভাবিক রয়েছে।
