রাজশাহী কলেজ ক্যাম্পাসের জঙ্গল পরিস্কার করার সময় পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে কলেজের পরিচ্ছন্নতাকর্মীরা জঙ্গলের মধ্যে একটি সন্দেহজনক ব্যাগ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল থেকে রাজশাহী কলেজ ক্যাম্পাস পরিস্কারের কাজ চলচিল। দুপুর ১২টার দিকে কলেজের মসজিদের পাশে সিটি কর্পোরেশনের ড্রেনের পাশের জঙ্গল পরিস্কারের সময় পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে একটি প্লাস্টিকের ব্যাগে কয়েকটি ককটেল দেখতে পায়। বিষয়টি তারা কলেজ অধ্যক্ষকে জানান। পরে কলেজ অধ্যক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘ককটেলগুলো অন্তত তিন মাস আগে কেউ সেখানে লুকিয়ে রেখেছিল। দীর্ঘদিন পড়ে থাকায় ককটেল ও ব্যাগে শ্যাওলা ও ময়লার স্তর পড়েছিল। ফলে ককটেলগুলো এমনিতেই নষ্ট হয়ে গেছে।’
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ককটেলগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।’
