ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক ব্যবসায়ীর গাড়ি তাড়া করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে র্যাবের গাড়ি খাদে পড়ে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ইব্রাহিম (২০) ও ইয়াসিন (১৮) নামে দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাইফুল ইসলাম নামে আরো এক পথচারী।
গতকাল শনিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সদর উপজেলার সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে ও ইয়াসিন একই গ্রামের সনো মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গাঁজা ভর্তি একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় বৃষ্টি হচ্ছিল। র্যাবের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতেই ওই গাড়ির নিচে চাপা পড়ে দুই পথচারী। তিনি আরো জানান, র্যাব গাঁজা ভর্তি পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি।
