প্রিয় বাবা

আপডেট : ২১ জুন ২০১৫, ১২:০১
‘আজ ১৭ বছর পর ক্যালেন্ডারের পাতায় হয়তো ফিরে পেলাম একই তারিখ, একই দিন। কিন্তু ১৭ বছর আগে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে, আমার বাবাকে কি ফিরে পাবো কখনো? জানি পাবো না। তবুও অপেক্ষা। মিছে অপেক্ষা। তবে বাবার প্রয়োজন জীবনের প্রতিটা ধাপে হাড়ে হাড়ে টের পাচ্ছি। সত্যি যাদের বাবা এখনো বেঁচে আছেন তারা ভাগ্যবান। বাবা ছাড়া জীবন অচল।’ এভাবেই পিতৃহীন প্রবাসী এক বাংলাদেশি হারানো বাবার স্মৃতিচারণ করেন। যাদের বাবা নেই তারা হয়তো এভাবেই রাতের আকাশে সবার অলক্ষ্যে বাবাকে খুঁজে ফিরেন। ভালোবাসার অশ্রুতে পালন করেন বাবা দিবস। বেঁচে আছেন যাদের বাবা, সেই ভাগ্যবান সন্তানরা কাছে অথবা দূরে থেকে দিবসটি ভাগাভাগি করে নেন বাবার সাথে আনন্দের নানা আয়োজন করে। লিখেছেন আফরোজা মোহনা
 
 
বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় জুন মাসের তৃতীয় রবিবার এলে বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে বিশ্ব বাবা দিবস। এ বছর ২১ জুন দিবসটি পালন করতে যাচ্ছে বিশ্ববাসী। দিবসটি এক দিনের হলেও আমাদের জীবনে বাবার প্রয়োজনীতা প্রতিমুহূতের্র। আর পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে এই দিবসটির সূচনা।
 
ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ জুলাই প্রথম বাবা দিবস পালন করা হয়। আমেরিকার ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় প্রথম এই দিনটি পালিত হয়। আবার সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও বাবা দিবসের ধারণা আসে। যদিও তিনি ভার্জিনিয়ার বাবা দিবসের কথা জানতেন না।
 
বিংশ শতাব্দীতে শুরু হলেও বর্তমান সময়ে এই দিনটি পালন করা হয় বেশ আয়োজন করে। এ দিনে সন্তান বাবাকে কার্ড দিয়ে শুভেচ্ছ জানান অনেকেই। কেউ কেউ ফুল দিয়ে বাবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদন করেন। অনেকে বাবার সাথে সময় কাটাতে পছন্দ করেন এই দিনটিতে। যারা খুব দূরে থাকে তারা মোবাইল ফোনে অথবা অন্য মাধ্যমে বাবাকে শুভেচ্ছা জানান। কারণ জন্মের পর বাবার হাত ধরে শিশু দিনে দিনে বেড়ে ওঠে। জানতে শিখে বাইরের জগতকে। বাবার হাড়ভাঙা পরিশ্রম, বুক ভরা ভালোবাসা আর নিঃস্বার্থ আদর যত্নে গড়ে ওঠে আগামী প্রজন্ম।
 
যারা বাবা হারিয়েছেন তাদের জন্যও দিনটি সমান গুরুত্বপূর্ণ। এই দিনে তারা মন থেকে বিশেষভাবে বাবাকে স্মরণ করেন। মনে মনে বাবার জন্য মঙ্গল কামনা করেন। কেউবা মনের জানালায় বাবার স্মৃতির ক্যানভাস ছড়িয়ে নীরবে চোখের জল ফেলেন। আসলে সন্তানের প্রতি যেমন বাবার অকৃত্রিম ভালোবাসা থাকে তেমনি বাবার প্রতি প্রতিক্ষণে সন্তানের অন্তরে পুঞ্জিভূত থাকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। এই ভালোবাসার কখনো প্রকাশ ঘটে কখনো ঘটে না। তাই এই বাবা দিবসে সকল সংকোচ ভুলে গিয়ে আপনি বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে পারেন। সময় নিয়ে বাবার সাথে বেরিয়ে পড়ুন বাইরে। সারাদিন পরিবারসহ বাবাকে নিয়ে ঘুরে বেড়ান। সম্ভব হলে শৈশবে ফেলে আসা বাবার গ্রামের বাড়িতে চলে যান। বাবার কাছের আত্মীয়-স্বজন অথবা বন্ধুদের সাথে দেখা করার আয়োজন করতে পারেন।
 
পশ্চিমা বিশ্বে বেশ ঘটা করে পালন করা হয় দিবসটি। এই দিনে সরকারি ছুটি থাকে দেশটিতে। ছেলে-মেয়েরা বৃদ্ধাশ্রমে বা বাড়িতে বাবাকে দেখতে ছুটে যান। যদিও আমাদের দেশে ঘটা করে বাবা দিবস পালনের প্রচলন এখনো শুরু হয়নি। তাছাড়া কেউ প্রশ্ন তুলেন বাবা দিবস পালন নিয়ে। বলেন বাবা দিবস আমাদের জন্য নয়। এটি পাশ্চাত্যের। বাবার জন্য আমাদের অনুভূতি প্রতিদিনকার। বাবা আমাদের আদর্শ। কারো কাছে বাবা অনুপ্রেরণা। কারো কাছে গর্ব। সব মিলিয়ে আমাদের জীবনের সব জায়গাজুড়ে থাকেন বাবা। বাবাকে বিশেষভাবে একটা দিন খুশি করার জন্য বাবা দিবস উপলক্ষ মাত্র। তাই এই বছর বাবা দিবসে পৃথিবীর সব বাবার জন্য রইল শুভেচ্ছা।

 

বাবা দিবসের বিশেষ আয়োজনে মডেল হয়েছেন লাইফস্টাইল ব্র্যান্ড এক্সট্যাসি’র কর্ণধার তানজিম হক এবং তার তিন কন্যা জারা, জেইনা ও জোয়ানা

ছবি ফারহান ফয়সাল