ছেলে হত্যা: বাবাসহ ২ জনের যাবজ্জীবন

আপডেট : ২১ জুন ২০১৫, ১৩:৫০
 
ছেলের হত্যার দায়ে বাবাসহ দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার নেত্রকেনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এই আদেশ দেন।
 
আসামিরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ফচিকা গ্রামের গিয়াস উদ্দিন (৩৫) এবং তার ভগ্নিপতি আবু চান (৩৮)।
 
মামলা সূত্রে জানা গেছে, ফচিকা গ্রামের গিয়াস উদ্দিনের সাথে তার স্ত্রী হাজেরার পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে আলমগীর (১০) তার ছেলে নয় বলে গিয়াস স্ত্রীকে অপবাদ দিতে থাকে এবং মারপিটও করে। হাজেরা তার বাবার বাড়ি গেলে গিয়াস ও তার ভগ্নিপতি আবু চান ২০০৫ সনের ২৪ নভেম্বর রাতে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে পরদিন হাজেরা নেত্রকোনা থানায় স্বামী ও ননদের স্বামীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৬ সনের ৭ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করে আজ এই রায় ঘোষণা করে আদালত।
 
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শিবলী সাদি।