কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২১ জুন ২০১৫, ১৫:৩৪


কুমিল্লায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলী এলাকা থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বাইপাসসংলগ্ন ডিমাতলী এলাকায় একটি অজ্ঞাতনামা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়।

রবিবার বেলা আড়াইটার দিকে চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার জানান, ‘নিহতের পরিচয় জানা যায়নি। তার নাকে-মুখে রক্ত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোথাও হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।’