সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় মাত্র সাড়ে ৩শ’ মিটার রাস্তা পাকা না করায় হাজার হাজার এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তায় হাঁটুর উপরে পানি জমে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। গত ৫ বছর ধরে মেয়রের বরাবর দফায় দফায় আবেদন করার পরও রাস্তাটি পাকা না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড অন্তর্ভুক্ত নিমাইকাশারী, মৌচাক, রসুলবাগ ও মাদানী নগর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস, দোকানপাট ছাড়াও কয়েক লক্ষ লোকের বসবাস। এ এলাকার উত্তর মাদানী নগর হতে বদরুননেছা স্কুল হয়ে দাদার বাড়ি এলাকা পর্যন্ত প্রায় সাড়ে ৩শ’ মিটার রাস্তার অভাবে এলাকাবাসীর দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তায় পানি জমে থাকায় স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী লোকজনসহ এলাকাবাসীর যাতায়াত করতে সমস্যা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আজগর জানান, রাস্তাটি পাকা করার জন্য দরপত্র আহবান করা হয়েছে। দ্রুতই এটি পাকাকরণের উদ্যোগ নেয়া হবে —ইত্তেফাক
