পুঁজিবাজারে রবিবার সূচক কমার পাশাপাশি লেনদেন অনেক কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩০৮ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ২৪ শতাংশ কম।
বাজার সংশ্লিষ্টরা বলছেন—রমজানের কারণে অনেকেই ব্রোকারেজ হাউসে আসেননি। এ ছাড়া, রমজান মাসে লেনদেনের সময়ও কম। তাই লেনদেন কিছুটা কম হয়েছে। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে লেনদেনে গতি ফিরতে পারে।
তথ্যে দেখা গেছে—ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮ কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১১ কমে ১ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৮ কোটি ২৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৯৮ কোটি ৪৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮ কমে ১৩ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।