উত্কণ্ঠার মধ্যেই বাবা হলেন নায়েক রাজ্জাক

আপডেট : ২১ জুন ২০১৫, ১৭:৫১
 
মিয়ানমান সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক বিজিবির নায়েক আব্দুর রাজ্জাকের পরিবারের দিন কাটছে উদ্বেগ আর উত্কণ্ঠার মধ্যে দিয়ে। এরই মধ্যে রবিবার বাবা দিবসে ছেলের বাবা হয়েছেন নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক। বেলা ১১টার দিকে তার স্ত্রী আসমা বেগম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।
 
রাজ্জাকের বাবা তোফাজ্জল হোসেন তারা মোল্লা বলেন, অপহরণের খবর শুনে বিজিবি অফিসারের কাছে ফোন করলে তারা জানায়, রাজ্জাককে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
 
দুই সন্তানের জননী রাজ্জাকের স্ত্রী আসমা বেগম স্বামীর কথা বলতে গিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন। যখন পরিবারের নতুন সদস্যের জন্য তিনি ক্ষণ গুণছেন সেই সময়ে স্বামীর এমন খবর তাকে দিশেহারা করেছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, আমি  খোঁজ খবর রাখছি। আঃ রাজ্জাককে ফিরে পেতে তারা উ্দ্বিগ্ন।
 
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক বলেন, অপহূত রাজ্জাকের পরিবারের খোঁজ খবর রাখছেন তিনি। রাজ্জাকের উদ্ধারের খবর পাওয়া মাত্র তার পরিবারকে জানানো হবে।
 
উল্লেখ্য গত মঙ্গলবার অপহরণ করে নাসাকা বাহিনী। তাকে উদ্ধারে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো অপহৃত আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেয়নি।এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।