অন্য এক উচ্চতায় মুস্তাফিজ

আপডেট : ২১ জুন ২০১৫, ২৩:৫০
 
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বিধ্বংসী পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে আবারো জ্বলে উঠেছেন মুস্তাফিজ। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে অভিষেকসহ পর পর দুই ম্যাচে দ্বিতীয় বোলার হিসেবে তিনি পাঁচ উইকেট নিলেন।
 
এর আগে অভিষেক হওয়ার পর লাগাতার দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের বোলার ব্রায়েন ভেটরি। মিরপুরে ভারতের বিপক্ষে ছয় উইকেট নিয়ে সেই রেকর্ডটি ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ।
 
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সুদূর এক গ্রামের ছেলে এই মুস্তাফিজ। তার গ্রাম তেতুলিয়া থেকে শহর যতদূরে, তার চেয়ে ঢের কাছে সুন্দরবন। ছোটবেলায় হয়তো ভাইয়েদের সঙ্গে বেড়াতে গিয়ে দু একবার বাঘের ডাকও শুনে থাকবেন। তা বাঘের ডাক তিনি সরাসরি শুনুন, আর নাই শুনুন বৃহস্পতিবারের পর রবিবার মিরপুরে ভারতীয় ব্যাটসম্যানদের আবারো বাঘের ডাক শুনিয়ে দিলেন তিনি।