বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরোধিতা সত্ত্বেও আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিটে (বিএফআইইউ) মহাব্যবস্থাপক (জিএম) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। এ দিকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
সূত্র জানিয়েছে—বিএফআইইউ চুক্তি-ভিত্তিক জিএম পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের সাথে দেখা করে নিয়োগ প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানান। এ প্রেক্ষিতে তিনি জানান—এটি ডেপুটি গভর্নর-১ ও ২-এর মাধ্যমে উত্থাপনের বিষয়।
এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল চিঠি দিয়ে গভর্নরকে জানান—কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে সার্বিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে আপনার গৃহীত কতিপয় পদক্ষেপ ও আর্ন্তরিকতা কর্মকর্তা ও কর্মচারীর মাঝে প্রাণের সঞ্চার করলেও সাম্প্রতিক সময়ে আপনার গৃহীত কিছু পদক্ষেপ ও পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে চরম হাতাশা আর চাপা ক্ষোভের সৃষ্টি করেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে—বিএফআইইউতে বাংলাদেশ ব্যাংকের নিয়মিত জিএমের স্থলে একজন চুক্তিভিত্তিক জিএম নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এ সংবাদের ভিত্তিতে ব্যাংকের কর্মকর্তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এ ধরনের পদক্ষেপ প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির অন্তরায়। আপনার অভিপ্রায় অনুযায়ী এত বিষয়ে ডেপুটি গভর্নর-১ ও ২ মহোদয়গণের সাথে সাক্ষাতের মাধ্যমে কাউন্সিলের অবস্থান আপনাকে অবহতি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কর্মকর্তাদের প্রতিনিধিত্বশীর সংগঠন হিসেবে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলপেয়ার কাউন্সিল এ ধরনের নিয়োগ প্রক্রিয়া হতে আপনাকে সরে আসার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘বিএফআইইউতে একজন বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সংবাদপত্রে নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয়া হবে। তবে এ বিশেষজ্ঞ আসলে জিএম কি না, তা ঠিক করবে মানবসম্পদ বিভাগ।’
এ দিকে বোর্ড সভা শুরু হওয়ার আগে গভর্নর কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এ সময় চুক্তি-ভিত্তিক এ নিয়োগপ্রক্রিয়া বন্ধের উদ্যোগ নিতে প্রত্যেক পরিচালনা পর্ষদের সদস্যের হাতে স্মারকলিপি তুলে দেয় কর্মকর্তাদের প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন, ‘ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি চুক্তি-ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিল না করে তা হলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।’
