চোরাই মোবাইলসহ আটক ৩

আপডেট : ২১ জুন ২০১৫, ২০:৪০
 
 
 
রাজধানীর পল্টনে বায়তুল মোকরম এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল সেটসহ তিনজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন—আব্দুল মতিন (২৪), মোক্তার হোসেন (২৪) এবং রাজিব হোসেন (১৭)। এ সময় তাদের কাছ থেকে ১১৬টি চোরাই মোবাইল সেট, নগদ ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
 
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান—গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব জানতে পারে যে, পল্টন থানাধীন ২৭/এ, মাওলানা ভাষানী স্টেডিয়ামের আইডিয়াল স্পোর্টস দোকানে চোরাই মোবাইলের জমজমাট ব্যবসা চলছে। খবর পেয়ে শনিবার দিনগত রাতে সেখানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।
 
তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে—এই মোবাইল সেটগুলো চট্টগ্রামের আরেকটি চক্রের কাছে পার্সেল করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। অনেক সময় এই চক্রটি নিজেরাই এসে মালামাল নিয়ে যায়।