যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৫, ২২:০৯
 
জেলার মনিরামপুরে বিদ্যুতের তারে জড়ানো এক শিশুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন শিশুসহ আরো ২ জন। মনিরামপুর উপজেলায় দোদাড়িয়া গ্রামে রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— দোদাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (২৬) ও সুমন (২২)। আহত ২ জন হলেন একই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ফাতেমা বেগম (৩০) ও মাহাবুবুর রহমানের ৯ বছরের শিশু সন্তান শিমুল।
 
মনিরামপুর থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান, মনিরামপুর উপজেলার দোদাড়িয়া গ্রামের সরদার ইটভাটার মালিক রবিউল ইসলাম তার ইটভাটায় প্রতিবেশী আব্দুল আজিজের বাড়ি থেকে বিদুৎ সংযোগ নেন। ওই তার রবিবার সকালে ছিঁড়ে শিশু শিমুলের শরীরে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হন ফাতেমা, সুমন ও মিলন। পরে তাদের উদ্ধার করা হলে ঘটনাস্থলেই মিলন ও হাসপাতালে আনার পথে সুমনের মৃত্যু হয়। 
 
আহত শিমুল ও ফাতেমাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ-আল-মামুন জানান, নিহত ২ জনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক।