চতুর্থ ধাপে আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেছে মনোনয়ন বোর্ড। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে এ নামের তালিকা প্রকাশ করা হয়। নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া এবং দোহারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
দলীয় মনোনয়ন পাওয়া আ. বাতেন মিয়া বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই তিনি আমাকে মূল্যায়ন করেছেন। সেই সাথে ধন্যবাদ জানাই ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানকেও। আমি নির্বাচিত হয়ে সন্ত্রাস মাদক জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত নবাবগঞ্জ উপজেলা উপহার দিতে চাই।’
দলীয় মনোনয়ন পাওয়া আরেক প্রার্থী মো. আলমগীর হোসেন বলেন, আমি ১৯৮০ সালে কবি নজরুল কলেজের ছাত্রলীগের আহবায়ক ছিলাম সেই থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন পালন করে আসছি। মনোনয়ন পাওয়াতে বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানকে ধন্যবাদ জানাই। তারা তৃণমূলের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
