বাবা হলেন মিয়ানমারে আটক নায়েক রাজ্জাক

আপডেট : ২২ জুন ২০১৫, ০৯:২১
মিয়ানমারে আটকে রাখা বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাকের আরও একটি পুত্র সন্তান হয়েছে। উদ্বেগ-উৎকণ্ঠার ভেতরেই নাটোরে তার স্ত্রী তৃতীয় সন্তানের জন্ম দিলেন। আর বাবা দিবসেই বাবা হলেন রাজ্জাক।
 
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর গত বুধবার রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি।
 
রবিবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী আসমা বেগম। 
 
সিংড়া উপজেলার বলিয়াবাড়ির তোফাজ্জল হোসেন তারা মোল্লার ছেলে রাজ্জাক ২১ বছর ধরে সীমান্ত রক্ষী বাহিনীতে রয়েছেন। তার অন্য দুই সন্তানের মধ্যে রাকিবুল ইসলাম সপ্তম শ্রেণিতে এবং ফারিয়া জাহান রিতু চতুর্থ শ্রেণিতে পড়ে।
 
তারা মোল্লা জানান, নাতি হওয়ায় আনন্দ হওয়ারই কথা। কিন্তু ছেলের জন্য দুর্ভাবনায় সেটা হচ্ছে না। মা ও নবজাতক দুইজনই ভাল আছে।  
 
তিনি আরও বলেন, আনন্দের চেয়ে কষ্টই বেশি আমাদের।
 
বাড়িতে গিয়ে দেখা যায়, রাজ্জাকের বোন তসলিমা খাতুনসহ পরিবারের সবাই কাঁদছেন। তার মা বুলবুলি বেগম কাঁদতে কাঁদতে মুর্চ্ছা যাচ্ছিলেন। ছেলে রাকিব ও মেয়ে ফারিয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আর বলছে বাবার কথা।
 
তারা মোল্লা জানান, গত সোমবার ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তখন জানিয়েছিল যে ছুটি পেলে রবিবারই বাড়িতে ফিরবে।
 
তবে এখনও রাজ্জাকের বাড়ি ফেরার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আটকে রাখা নায়েক রাজ্জাককে ফেরত দিচ্ছে মিয়ানমার।