জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক গতকাল রবিবার তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তারা সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, আর্থ-সামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাত্কালে স্পিকার বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। প্রথমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদ কার্যক্রমে সমৃদ্ধ করতে ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় কর্মশালা আয়োজনের মাধ্যমে তাদেরকে আরও দক্ষ করে তোলা হবে। হাইকমিশনার ব্লেক বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশে অবস্থানকালীন সময়কে সুখকর উল্লেখ করে এদেশের জনগণের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
