চূড়ান্ত বাজেটে পরিবর্তন আসছে ন্যূনতম আয়করে

আপডেট : ২৩ জুন ২০১৫, ০৩:২৪
চূড়ান্ত বাজেটে ব্যক্তির ন্যূনতম আয়করে পরিবর্তন আসতে যাচ্ছে। বাজেট প্রস্তাবে ন্যূনতম কর ৪ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে এটি পরিবর্তন হয়ে সব সিটি কর্পোরেশন পর্যায়ের করদাতাদের জন্য ৫ হাজার টাকা, জেলা পর্যায়ে ৪ হাজার টাকা ও উপজেলা পর্যায়ের করদাতাদের জন্য ৩ হাজার টাকা করা হতে পারে। বর্তমানে এ কর হার সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে যথাক্রমে ৩ হাজার টাকা, ২ হাজার ও ১ হাজার টাকা।

গত ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বাজেট প্রস্তাব পেশকালে টিআইএনধারীদের জন্য ন্যূনতম কর একই হারে করার কথা বলেন। তবে এটি নিয়ে নানামুখী আলোচনার পরিপ্রেক্ষিতে এ পরিবর্তন আসতে পারে বলে অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবশ্য সূত্র বলছে, এ বিষয়টি চূড়ান্ত করার আগে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়া হবে। তার পরামর্শের ভিত্তিতেই এটি চূড়ান্ত করা হবে।

বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী আয় বছরের আয়কর বিবরণী সংশ্লিষ্ট কর অফিসে জমা দিতে হয়। প্রত্যেক টিআইএনধারীকে (কর সনাক্তকরণ নম্বর) আয়কর রিটার্ন জমা দিতে হয়। আয়কর রিটার্নে করযোগ্য আয় না থাকলেও করদাতাকে ন্যূনতম কর দিতে হয়।

বর্তমানে দেশে প্রতি বছর প্রায় ১১ লাখ টিআইএনধারী আয়কর রিটার্ন দাখিল করেন। তাদের মধ্যে অনেকেই কেবল ন্যূনতম কর দিতে হয়। সরকার মনে করছে, টিআইএনধারীর সংখ্যা আরো অনেক বেশি হওয়া উচিত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিভিন্ন বক্তৃতায় দেশে আয়করদাতার সংখ্যা অন্তত ৫০ লাখ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন।