নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় লেগুনার ৫ যাত্রী নিহত

আপডেট : ২৩ জুন ২০১৫, ১০:১৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী হিউম্যান হলারের ৫ জন নিহত হয়েছে। এতে আরও ১০-১২ জন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
 
সোমবার রাত পৌনে ১১টায় পাগলায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কুদ্দুস মিয়া জানান, পোস্তগোলা হতে পাগলা রসুলপুল এলাকা পর্যন্ত হিউম্যান হলার চলাচল করে। সোমবার রাতে পোস্তগোলা থেকে ছেড়ে আসা ১০-১২ জনকে নিয়ে যাত্রীবাহী একটি হিউম্যান হলার পাগলা ভাঙারপুল এলাকায় এসে কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটির আগে যাওয়ার চেষ্টা করে। তবে হিউম্যান হলারটি দ্রুত যেতে ব্যর্থ হলে ট্রেন সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে রেলাইনের পাশে পড়ে যায় এটি। ওই সময়ে আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে আহত হয় হিউম্যান হলারসহ আশেপাশে থাকা অন্তত ১৫-১৬ জন। তাদের মধ্যে ঘটনাস্থলেই একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নারীসহ আরো ২ জনের মৃত্যু ঘটে। তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ২ জনের মৃত্যু হয়েছে জানতে পেরেছি। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৫ জন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, যে স্থান দিয়ে হিউম্যান হলার চলাচল করে সেটা বৈধ ক্রসিং না। স্থানীয় প্রভাবশালী মহল ওই স্থান দিয়ে অবৈধভাবে গাড়ি চলাচল করায়। রাতে হিউম্যান হলারটি ট্রেনের আগে দ্রুত যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনাটি ঘটে। সেখানে ক্রসিং থাকলে এটা হতো না।